১৮ নভেম্বর ২০১৫ - ০২:৩২
সীমান্ত হামলা রুখতে মহড়া চালালো ইরানের সেনাবাহিনী

সীমান্তে সন্ত্রাসীদের সম্ভাব্য হামলা মোকাবেলার জন্য সেনাবাহিনীর প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে দেশের পূর্বাঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

আবনা ডেস্ক : সীমান্তে সন্ত্রাসীদের সম্ভাব্য হামলা মোকাবেলার জন্য সেনাবাহিনীর প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে দেশের পূর্বাঞ্চলে সামরিক মহড়া চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
শীর্ষ পর্যায়ের সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজা আজারিয়ান মঙ্গলবার এ কথা জানিয়েছেন। মুহাম্মাদ রাসূলুল্লাহ (স)-৩ নামে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে ইরানের খোরাসান রাজাভি প্রদেশের তোরবাত-ই জাম শহরে। তিনি জানান, সামরিক মহড়ার অভিযান পর্ব শুরু হয় সোমবার এবং মঙ্গলবারও তা চলে। এ দিন প্রধানত পূর্ব-চিহ্নিত লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলার বিষয়ে বিশেষ মনযোগ দেয়া হয়।
জেনারেল আজারিয়ান বলেন, সামরিক মহড়া থেকে প্রতিবেশি দেশগুলোর জন্য শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার বার্তা দেয়া হচ্ছে। অন্যদিকে, শত্রুর জন্য বার্তা হচ্ছে- ইরানের সেনাবাহিনীসহ পুরো প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতি হালনাগাদ করা হয়েছে। মহড়ায় পদাতিক, গোলন্দাজ, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার এবং মানস্তাত্ত্বিক যুদ্ধ ইউনিট অংশ নেয়।#